উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডিজিটাল : ||
দেশজুড়ে আরও পাঁচ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ু ও লঘুচাপের প্রভাবে দেশের আট বিভাগেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।বুধবার (২৬ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।পূর্বাভাস অনুযায়ী, বুধবার রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।বৃহস্পতিবার ও শুক্রবারও কয়েকটি বিভাগে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্য বিভাগগুলোর কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।২৯ ও ৩০ আগস্ট বৃষ্টির বিস্তৃতি আরও বাড়তে পারে। এ সময় দেশের আট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোনো কোনো অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঝাড়খন্ড ও আশপাশের এলাকার লঘুচাপটি সরে বর্তমানে উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।এদিকে রাজধানী ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইছে। বুধবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৮৭ শতাংশ রেকর্ড করা হয়েছে।