উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডিজিটাল : ||
বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের ঢেউয়ে বরগুনার পাথরঘাটা উপকূলসংলগ্ন গভীর বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ‘এফবি বরকত’ ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।দুর্ঘটনার প্রায় ৪৮ ঘণ্টা পর বুধবার (২৬ আগস্ট) গভীর সাগরে উদ্ধার অভিযান চালিয়ে সাইফুল মীরের লাশ উদ্ধার করেন জেলেরা। তবে এখনো নিখোঁজ রয়েছেন আরও চারজন।নিখোঁজদের সন্ধানে পাথরঘাটা থেকে দুটি মাছ ধরার ট্রলার গভীর সাগরে পাঠানো হয়। প্রায় ১২ ঘণ্টা ধরে অভিযান চালানোর পর সাইফুল মীরের লাশ উদ্ধার করা সম্ভব হয়। তবে ডুবে যাওয়া ‘এফবি বরকত’ ট্রলারটি এখনো তীরে ফিরিয়ে আনা সম্ভব হয়নি।ট্রলার মালিকের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ জেলেদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। গভীর সাগরে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল জানান, নিখোঁজ পাঁচ জেলের মধ্যে সাইফুল মীরের লাশ উদ্ধার হয়েছে। নিখোঁজদের পরিবারের সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ রাখা হচ্ছে।এর আগে সোমবার বিকেলে কুয়াকাটা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ‘এফবি বরকত’ ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে থাকা ১৩ জেলের মধ্যে আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছিল।