উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডিজিটাল : ||
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামে শুরু হয়েছে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস। শান্তি, মানবতা ও অহিংসার বার্তা নিয়ে আয়োজিত এ ধর্মীয় সমাবেশে অংশ নিতে ভোর থেকেই নগরে জড়ো হতে থাকেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ।বুধবার সকাল ৮টায় নগরের ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া থেকে জুলুসের কার্যক্রম শুরু হয়। চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ছাড়াও দেশের নানা এলাকা থেকে বাস, ট্রাক ও পায়ে হেঁটে মানুষ জুলুসে যোগ দিতে আসেন। এতে নগরের বিভিন্ন সড়কে সৃষ্টি হয় মানুষের দীর্ঘ সারি।আয়োজক আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট জানিয়েছে, এবারের জুলুসে ৫০ লাখের বেশি মানুষের সমাগমের প্রত্যাশা রয়েছে। জুলুসকে ঘিরে নগরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ মোড় সাজানো হয়েছে তোরণ, ব্যানার, ফেস্টুন ও সবুজ পতাকায়।জুলুসে নেতৃত্ব দিচ্ছেন দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন পীর আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ। তার সঙ্গে রয়েছেন সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ ও শাহজাদা সৈয়্যদ মুহাম্মদ আকিব শাহ।নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। মুসল্লিদের সুবিধার্থে মাদ্রাসা ও আশপাশের এলাকায় শতাধিক অস্থায়ী শৌচাগারও স্থাপন করা হয়েছে।চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মো. শওকত আলী জানিয়েছেন, এত বড় ধর্মীয় সমাবেশে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না বলেও জানান তিনি।