উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ মমিন আলী , নওগাঁ প্রতিনিধি : ||
নওগাঁ শহরের গুরুত্বপূর্ণ বালুডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় যানবাহনের শৃঙ্খলা নিশ্চিত ও জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে পরিদর্শন করেছেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে তিনি বালুডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় যান এবং সেখানে যানবাহন চলাচল, পার্কিং ও যাত্রী ওঠানামার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।এ সময় পুলিশ সুপার টার্মিনালের শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন। যানবাহনের সুশৃঙ্খল পার্কিং এবং নির্ধারিত স্থানে যাত্রী ওঠানামা নিশ্চিত করার বিষয়ে তিনি শ্রমিক নেতা, চালক ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। একই সঙ্গে সড়কে যাতে অযথা যানজট সৃষ্টি না হয় এবং সাধারণ যাত্রী ও পথচারীদের দুর্ভোগ কমে আসে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।বালুডাঙ্গা বাস টার্মিনাল নওগাঁ জেলার একটি গুরুত্বপূর্ণ জংশন পয়েন্ট হওয়ায় এখানে যানবাহনের শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সুপার ট্রাফিক পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।তিনি যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখা, সড়কের ওপর যত্রতত্র গাড়ি পার্কিং না করা এবং যাত্রী ওঠানামার ক্ষেত্রে নিয়ম মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন।পুলিশ সুপারের এমন উদ্যোগে বালুডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় যানজট নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।