উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডিজিটাল : ||
ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির ঘোষিত আহ্বায়ক কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা।রোববার (২৩ আগস্ট) সন্ধ্যায় বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রেলগেট এলাকার দলীয় কার্যালয়ে জড়ো হন। পরে সেখান থেকে ঝাড়ু, ব্যানার ও ফেস্টুন নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরদী বাজারের ১ নম্বর গেটে গিয়ে শেষ হয়।সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বিক্ষুব্ধ নেতাকর্মীরা অভিযোগ করেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে গোপনে কমিটি গঠন করা হয়েছে। তারা ঘোষিত কমিটি বাতিল করে ত্যাগী ও রাজপথের নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানান।বক্তারা বলেন, তাদের দাবি মেনে নেওয়া না হলে সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।এর আগে ১৬ আগস্ট জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব স্বাক্ষরিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদনসংক্রান্ত বিজ্ঞপ্তি ২২ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই স্থানীয় বিএনপিতে কমিটি নিয়ে আলোচনা-সমালোচনা ও অসন্তোষ দেখা দেয়।