উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডিজিটাল : ||
মেহেরপুরে মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের মামলায় কলিমুদ্দিন ওরফে কালু নামে আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।রোববার (২৩ আগস্ট) দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলী মাসুদ শেখ এ রায় ঘোষণা করেন।রায় ঘোষণার পর আদালত থেকে কারাগারে নেওয়ার সময় আদালত চত্বরে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন দণ্ডপ্রাপ্ত কলিমুদ্দিন কালু। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৮ ডিসেম্বর রাতে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের ওই নারীর ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের অভিযোগ ওঠে কলিমুদ্দিন কালুর বিরুদ্ধে। ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান বলে মামলায় উল্লেখ করা হয়।ঘটনার তিন দিন পর ভুক্তভোগীর মা বাদী হয়ে মেহেরপুর সদর থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় সাতজনের সাক্ষ্য গ্রহণের পর সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করেন।রায়ে জরিমানার ৫ লাখ টাকা ভুক্তভোগীকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আসামির বর্তমান সম্পদ থেকে অর্থ আদায় সম্ভব না হলে ভবিষ্যৎ সম্পদ থেকে তা আদায়ের নির্দেশও দিয়েছেন আদালত।