উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সঞ্জু বনিক সৌরভ :, পঞ্চগড় প্রতিনিধি : ||
পঞ্চগড় সদর উপজেলার দলোয়াপাড়া এলাকায় প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগে এক যুবককে আটক করে এলাকাবাসী। পরে তাকে প্রশাসনের কাছে হস্তান্তর করা হলে তার কাছ থেকে তিন পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত মোঃ আখতারুল ইসলাম (২৬) নামে ওই যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।বুধবার (১৯ আগস্ট) পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা সুলতানার পরিচালনায় ভ্রাম্যমাণ আদালতে শুনানি শেষে এ দণ্ডাদেশ দেওয়া হয়।দণ্ডপ্রাপ্ত আখতারুল ইসলাম পঞ্চগড় সদর উপজেলার দলোয়াপাড়া এলাকার মোঃ মোশারফ হোসেনের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, দলোয়াপাড়া এলাকায় প্রকাশ্যে মাদক সেবনের সময় আখতারুল ইসলামকে দেখতে পান কয়েকজন এলাকাবাসী। পরে তারা তাকে আটক করে বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে জানান। খবর পেয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে তিন পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।ভ্রাম্যমাণ আদালতে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় বিচারক আখতারুল ইসলামকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেন। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে অতিরিক্ত সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।রায় ঘোষণার পর আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় পরোয়ানাসহ তাকে পঞ্চগড় জেলা কারাগারে পাঠানো হয়েছে। কারা কর্তৃপক্ষ আইন অনুযায়ী তার সাজা কার্যকর করবে।পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা সুলতানা বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত রয়েছে। মাদকের বিস্তার রোধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।