উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ মমিন আলী , নওগাঁ প্রতিনিধি : ||
নওগাঁ শহর তথা জেলার অন্যতম প্রধান সমস্যা সিঙ্গেল লেনের সড়ক। জেলার প্রধান ও গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন নওগাঁসহ আন্তঃজেলার হাজার হাজার যানবাহন চলাচল করে। সড়কটি সরু হওয়ায় যানবাহনের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে সৃষ্টি হচ্ছে যানজট। বিশেষ করে অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা বজায় রাখা শহরের ট্রাফিক ব্যবস্থাপনায় অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।নওগাঁ শহরের যানজট নিরসনে গুরুত্বপূর্ণ এই সড়কটি চার লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সম্মানিত সংসদ সদস্যসহ জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়কটি চার লেনে উন্নীত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। সড়কটি চার লেনে উন্নীত হলে শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে।তবে স্থায়ী সমাধানের উদ্যোগের পাশাপাশি বর্তমানে গুরুত্বপূর্ণ লিটন ব্রিজ এলাকায় যানবাহনের শৃঙ্খলা রক্ষা ও যানজট নিয়ন্ত্রণে জেলা পুলিশের ট্রাফিক বিভাগ নতুন করে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। ব্যস্ততম এ এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রাখা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে ট্রাফিক পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন।ট্রাফিক পুলিশের এ উদ্যোগ সফল করতে সাধারণ মানুষ ও যানবাহন চালকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে-সেখানে যানবাহন না থামানো, নির্ধারিত নিয়ম মেনে চলা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার মাধ্যমে সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করলে যানজট অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।নওগাঁ শহরের যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে জেলা পুলিশের ট্রাফিক বিভাগের এ ক্ষুদ্র প্রচেষ্টা আরও কার্যকর করতে নওগাঁবাসী, যানবাহন চালক ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কাম্য।