উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ মমিন আলী , নওগাঁ প্রতিনিধি : ||
নওগাঁর নিয়ামতপুরে সরকারি নিয়ম মেনে লিজ নেওয়া একটি পুকুর জোরপূর্বক দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ও স্থানীয় এলাকাবাসী। বুধবার সকালে উপজেলার রামকুড়া মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধনে ভুক্তভোগী আক্তারুজ্জামান বাবু অভিযোগ করেন, রামকুড়া মৌজার ৮১ নম্বর দাগে অবস্থিত চার বিঘার 'শুকাপুকুরিয়া' নামের পুকুরটি তারা সরকারি নিয়ম অনুসরণ করে লিজ নেন। এরপর সেখানে মাছ চাষ ও নিয়মিত পরিচর্যার কাজ শুরু করেন। তবে সম্প্রতি স্থানীয় একটি প্রভাবশালী মহল পুকুরটি অবৈধভাবে দখলের পাঁয়তারা করছে এবং তাদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে।অন্যান্য বক্তারা জানান:ভিত্তিহীন দাবি: দখলচেষ্টাকারীদের কাছে পুকুর সংক্রান্ত বৈধ কোনো কাগজপত্র নেই।প্রভাব খাটিয়ে দখলের চেষ্টা: অভিযুক্তরা স্থানীয় সংসদ সদস্যের নাম ভাঙিয়ে পুকুরটি দখলের চেষ্টা চালাচ্ছে।প্রশাসনের দৃষ্টি আকর্ষণ: দ্রুত ব্যবস্থা না নিলে ভুক্তভোগীরা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়বেন। এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের কঠোর নজরদারি দাবি করা হয়।মানববন্ধনে অন্যান্যের মধ্যে স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম, আবুল হোসেন, আব্দুল মজিদ ও সওকত জামিলসহ এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।এ বিষয়ে নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজাউল করিম জানান, সরকারি নিয়ম অনুযায়ী লিজের পর পুকুর মালিকদের কাছে হস্তান্তর করা হয়ে থাকে। কেউ পরবর্তীতে তা অবৈধভাবে দখলের চেষ্টা করলে এবং সে বিষয়ে নির্দিষ্ট লিখিত অভিযোগ পেলে প্রশাসন তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেবে। তবে শুকাপুকুরিয়া পুকুরের বিষয়টি নিয়ে এখনো কেউ আনুষ্ঠানিকভাবে প্রশাসনের কাছে কোনো অভিযোগ জমা দেয়নি বলে তিনি জানান।