উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সঞ্জু বনিক সৌরভ :, পঞ্চগড় প্রতিনিধি : ||
পঞ্চগড়ের বোদা উপজেলায় ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। একই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ছয়জনকে সম্মাননা দেওয়া হয়। তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে অনুষ্ঠানে একটি ফুটবলও বিতরণ করা হয়েছে।সোমবার (১৭ আগস্ট) দুপুরে বোদা সদর ইউনিয়নের ডাবরভাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে হাসিমুখ ফাউন্ডেশনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।বোদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোদা উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম।অনুষ্ঠানে বক্তব্য দেন ডাবরভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মকছেদুল ইসলাম (আনিছুর), নয়াদিঘী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক নজমুল হক সরকার এবং বোদা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।এ সময় হাসিমুখ ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান, সভাপতি মেহেদী হাসান নাজিম ও সাধারণ সম্পাদক নাজমুল হক মিঠুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ছয়জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।আয়োজকেরা বলেন, শিক্ষার্থীদের অর্জনকে উৎসাহিত করা এবং ভবিষ্যতে তাদের আরও ভালো ফলাফলের জন্য অনুপ্রাণিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। একই সঙ্গে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।