উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ মমিন আলী , নওগাঁ প্রতিনিধি : ||
নওগাঁর ধামইরহাট উপজেলার ৬নং জাহানপুর ইউনিয়নের বিকন্দখাস বাজার সংলগ্ন এলাকায় নদীর ক্যানেলের পানি উপচে একটি গুরুত্বপূর্ণ পাকা সড়ক ভেঙে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। প্রশাসনের যথাযথ নজরদারি ও সময়মতো প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়ায় সড়কটির ভাঙন দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে।স্থানীয়দের অভিযোগ, ক্যানেলের পানি উপচে সড়কের বিভিন্ন অংশের মাটি সরে গিয়ে পাকা রাস্তার নিচের অংশ ফাঁপা হয়ে পড়েছে। এতে যেকোনো সময় সড়কের বড় একটি অংশ ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ চলাচল করেন।সড়কটি ভেঙে গেলে বিকল্প যোগাযোগ ব্যবস্থা না থাকায় এলাকার মানুষের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষিপণ্য পরিবহনেও বড় ধরনের সংকট সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির ঝুঁকিপূর্ণ অংশের বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আনা হলেও কার্যকর সংস্কার ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে ক্যানেলের পানির স্রোতে ভাঙন আরও বাড়ছে।এলাকাবাসীর দাবি, বড় ধরনের দুর্ঘটনা কিংবা সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত সড়কটি জরুরি ভিত্তিতে সংস্কার করবে।স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে গুরুত্বপূর্ণ সড়কটি পুরোপুরি ভেঙে গিয়ে কয়েকটি গ্রামের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। তাই জনস্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।