উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সঞ্জু বনিক সৌরভ :, পঞ্চগড় প্রতিনিধি : ||
রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে রোববার সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।সকালে পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে।র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন।সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, পঞ্চগড়ে বর্তমানে প্রায় চার মেট্রিক টন মাছের ঘাটতি রয়েছে। আগামী মৎস্য পক্ষের আগেই এই ঘাটতি পূরণ করে জেলাকে মাছ উৎপাদনে উদ্বৃত্ত জেলায় পরিণত করতে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নিতে হবে।তিনি মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি আধুনিক ও পরিকল্পিতভাবে মৎস্য চাষ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন ও জেলা মৎস্য কর্মকর্তা ড. কে. এম. আবদুল হালিম। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মৎস্য চাষি ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় কয়েকজন সফল মৎস্য চাষিকে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।