উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডিজিটাল : ||
বাংলাদেশ বর্তমানে ‘ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে’ বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, অতিরিক্ত ঋণের বোঝা তৈরি হওয়ায় ভবিষ্যতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন পরিশোধ করাও কঠিন হয়ে যেতে পারে।শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জ পৌরসভার হলরুমে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।বিদ্যুৎমন্ত্রী বলেন, সঠিক পরিকল্পনা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। সরকার এমন একটি বাজেট দিয়েছে, যাতে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের চাপ না পড়ে। তবে বাজেট বাস্তবায়নে জনগণ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।তিনি বলেন, আগের সরকারের নেওয়া ঋণের কারণে দেশের ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি হয়েছে। যথাযথ পরিকল্পনা ও ব্যবস্থাপনা না করলে ভবিষ্যতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়াও কঠিন হয়ে পড়তে পারে।এর আগে সিরাজগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রমে ব্যবহারের জন্য ড্রাম ট্রাকসহ ছয়টি গাড়ি বিতরণ করেন মন্ত্রী। এ সময় তিনি নিজেও একটি ট্রাকে ওঠেন।এ প্রসঙ্গে তিনি বলেন, লোক দেখানোর জন্য তিনি ট্রাকে ওঠেননি। ছোটবেলায় রাস্তা পরিষ্কারের কাজে এ ধরনের গাড়ি দেখে যে ভালো লাগা তৈরি হয়েছিল, সেই স্মৃতি থেকেই তিনি ট্রাকে উঠেছেন।পৌরসভার গাড়িগুলো যথাযথভাবে রক্ষণাবেক্ষণের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, এসব সম্পদ জনগণের। তাই এগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্বও সবার।এর আগে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের ধানবান্ধি ডোবাপাড়া এলাকায় আরসিসি ড্রেন ও সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন বিদ্যুৎমন্ত্রী।