উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডেস্ক : ||
আগামী সপ্তাহের শেষ দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যেতে পারেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। শুক্রবার (১৪ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি দাবি করেছে, ঢাকা ও দিল্লির সংশ্লিষ্ট সূত্র সফরের সম্ভাবনার বিষয়টি নিশ্চিত করেছে।এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সফরটি দুই দিনের হতে পারে। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা রয়েছে।প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হলে তারেক রহমানের প্রথম নয়াদিল্লি সফর হবে। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এ সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।সম্ভাব্য বৈঠকে দুই দেশের বাণিজ্য, যোগাযোগ ও সংযোগ, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা এবং আঞ্চলিক নিরাপত্তার মতো বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, তারেক রহমানের দুই দিনের সফরকে ‘দ্বিপাক্ষিক আলোচনা’ হিসেবে পরিকল্পনা করা হচ্ছে। তবে সফরের সময়সূচি ও অন্যান্য বিস্তারিত বিষয় এখনো চূড়ান্ত হয়নি।প্রতিবেদন অনুযায়ী, গত ফেব্রুয়ারির নির্বাচনের পর ভারত সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছিল। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণের বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।তবে সফরের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।সূত্র: এনডিটিভি