উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডিজিটাল : ||
ঢাকার হোটেল ও স্পা সেন্টারগুলোতে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড পরিচালিত হলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ নির্দেশনা দেন তিনি।ডিএমপি কমিশনার বলেন, হোটেল ও স্পা সেন্টারগুলোতে অবৈধ কর্মকাণ্ডের কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের ওপর নিয়মিত নজরদারি অব্যাহত রাখতে হবে।সভায় মাদক নিয়ন্ত্রণের বিষয়েও কঠোর নির্দেশনা দেন তিনি। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে মাদক কারবারি ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর পাশাপাশি গোয়েন্দা তৎপরতা আরও জোরদারের নির্দেশ দেন।ছিনতাই প্রতিরোধে ছিনতাইপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে টহল ও অভিযান বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন ডিএমপি কমিশনার। এসব এলাকায় ক্রাইম বিভাগের সঙ্গে সমন্বয় করে সিটিটিসি ও ডিবিকে ২৪ ঘণ্টা মাঠপর্যায়ে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়।তিনি আরও বলেন, প্রতিটি মামলার ক্ষেত্রে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) ও ক্রাইম বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শন করতে হবে। মামলার প্রকৃত ঘটনা উদঘাটনে প্রয়োজনীয় আলামত সংগ্রহ এবং ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি যথাযথভাবে যাচাই করার নির্দেশনাও দেন তিনি।নগরীর অপরাধ নিয়ন্ত্রণ ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সর্বোচ্চ পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান ডিএমপি কমিশনার।