উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ মমিন আলী , নওগাঁ প্রতিনিধি : ||
নওগাঁর বিভিন্ন এলাকায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ উঠেছে ডিলার ও খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে। বাড়তি দাম দিয়েও অনেক কৃষক প্রয়োজনীয় পরিমাণ সার পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। এতে চলতি মৌসুমে ধান উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।কৃষকদের অভিযোগ, বিভিন্ন ডিলার ও খুচরা বিক্রেতার দোকানে সার কিনতে গেলে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম দাবি করা হচ্ছে। কোথাও কোথাও বাড়তি দাম দিতে রাজি হলেও চাহিদা অনুযায়ী সার মিলছে না। ফলে প্রয়োজনীয় সার সংগ্রহ করতে কৃষকদের একাধিক দোকান ও ডিলার পয়েন্টে ঘুরতে হচ্ছে।কৃষকরা জানান, ধানের জমিতে নির্ধারিত সময়ে প্রয়োজনীয় সার প্রয়োগ করা না গেলে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হতে পারে। এতে ফলন কমে যাওয়ার পাশাপাশি উৎপাদন খরচও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। একদিকে বাড়তি দামে সার কিনতে হচ্ছে, অন্যদিকে পর্যাপ্ত সার না পাওয়ায় তারা চরম ভোগান্তিতে পড়েছেন।নওগাঁর বিভিন্ন উপজেলা ও গ্রামাঞ্চলের কৃষকদের সঙ্গে কথা বলে একই ধরনের অভিযোগের কথা জানা গেছে। তাদের দাবি, সরকার নির্ধারিত মূল্যে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ তদন্ত করে জড়িত ডিলার ও বিক্রেতাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।কৃষকদের ভাষ্য, ধান চাষের গুরুত্বপূর্ণ সময়ে সময়মতো ও ন্যায্য দামে সার না পেলে চলতি মৌসুমে উৎপাদনে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হতে পারে। তাই কৃষকদের স্বার্থে বাজারে কঠোর নজরদারি বাড়িয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।