উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডেস্ক : ||
পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা এবং ঈদে মিলাদুন্নবীর (সা.) তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ অনুষ্ঠিত হবে। চাঁদ দেখা যাওয়ার ওপর নির্ভর করেই নির্ধারণ করা হবে এবারের ঈদে মিলাদুন্নবীর তারিখ।বুধবার (১২ আগস্ট) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ সন্ধ্যা ৭টায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।ইসলামি হিজরি বর্ষের ১২ রবিউল আউয়াল মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। প্রচলিত ইসলামি ঐতিহ্য অনুযায়ী, এ দিন মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পৃথিবীতে আগমন ও তিরোধানের সঙ্গে স্মরণীয়। মুসলিম বিশ্বে দিনটি ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করা হয়। বাংলাদেশে এ উপলক্ষে সরকারি ছুটি রয়েছে।জাতীয় চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে বাংলাদেশের আকাশের কোথাও রবিউল আউয়ালের চাঁদ দেখা গেলে তা দ্রুত জানাতে অনুরোধ করা হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে তথ্য দেওয়ার পাশাপাশি নির্ধারিত টেলিফোন নম্বরেও যোগাযোগ করতে বলা হয়েছে।যোগাযোগের নম্বরগুলো হলো— ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭।চলতি বছরের সরকারি ছুটির তালিকায় ঈদে মিলাদুন্নবীর জন্য ২৬ আগস্ট, বুধবার ছুটি নির্ধারিত রয়েছে। তবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে ধর্মীয় দিবসটির তারিখ নির্ধারিত হওয়ায় জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তই এ বিষয়ে চূড়ান্ত বলে বিবেচিত হবে।