উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ মমিন আলী , নওগাঁ প্রতিনিধি : ||
নওগাঁয় জেলা পুলিশ ও সরকারি কৌঁসুলিদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা জোরদারে পুলিশ সুপারের সঙ্গে সরকারি কৌঁসুলি (পিপি/জিপি) ও অন্যান্য আইনজীবীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১২ আগস্ট ২০২৬) বিকেলে নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম।সভায় নওগাঁ জেলার বিজ্ঞ সরকারি কৌঁসুলি (পিপি/জিপি), এপিপিসহ অন্যান্য আইনজীবী এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলা পরিচালনা, মামলার তদন্ত কার্যক্রম এবং আদালতের কার্যক্রমে পুলিশ ও আইন কর্মকর্তাদের পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় নওগাঁ জেলার পিপি ও এপিপিগণ মামলার তদন্ত, সাক্ষী হাজিরা, কেস ডকেটসহ মামলা পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। তারা বিচারিক কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে পুলিশ ও সরকারি কৌঁসুলিদের মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।এ সময় পুলিশ কর্মকর্তারাও আদালতে মামলা পরিচালনার ক্ষেত্রে সরকারি কৌঁসুলিদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের বিষয়ে গুরুত্বারোপ করেন। মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রমে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত যথাসময়ে উপস্থাপন এবং সংশ্লিষ্টদের মধ্যে কার্যকর যোগাযোগ বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।সভায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম সরকারি কৌঁসুলিদের মূল্যবান মতামত ও পরামর্শ মনোযোগ সহকারে শোনেন এবং তা বাস্তবায়নের বিষয়ে গুরুত্বারোপ করেন।তিনি বলেন, বিচারিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে পুলিশ, সরকারি কৌঁসুলি ও সংশ্লিষ্ট আইন কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের স্বার্থে ন্যায়বিচার নিশ্চিত করতে পারস্পরিক সমঝোতা ও সহযোগিতার মাধ্যমে সবাইকে একযোগে কাজ করতে হবে।সভায় জনগণের ন্যায়বিচার প্রাপ্তি সহজ করা, মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে ভবিষ্যতেও পুলিশ ও সরকারি কৌঁসুলিদের মধ্যে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।