উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সঞ্জু বনিক সৌরভ :, পঞ্চগড় প্রতিনিধি : ||
রোগীর পরীক্ষার রিপোর্টে অসঙ্গতি এবং বৈধ ও হালনাগাদ লাইসেন্স দেখাতে না পারায় পঞ্চগড় জেলা শহরের তেঁতুলিয়া রোডের আনোয়ার প্লাজায় অবস্থিত ‘মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার’-এর সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।বুধবার (১২ আগস্ট) সকালে স্বাস্থ্য বিভাগের একটি প্রতিনিধি দল প্রতিষ্ঠানটি পরিদর্শন করে। পরিদর্শনের সময় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ প্রয়োজনীয় হালনাগাদ কাগজপত্র ও বৈধ লাইসেন্স প্রদর্শন করতে পারেনি। পরে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ রাখার লিখিত নির্দেশ দেওয়া হয়।এর আগে লিভারের সমস্যায় ভোগা সাইদুজ্জামান রেজা (৪৪) নামে এক রোগী গত ১০ আগস্ট পঞ্চগড় মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতালে SGPT পরীক্ষা করান। সেখানে তার রিপোর্ট আসে ১২৭ U/L। একই দিনে ফলাফল নিশ্চিত করতে তিনি মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে পুনরায় পরীক্ষা করালে রিপোর্টে SGPT-এর মাত্রা দেখানো হয় ২৬.৭ U/L।দুই রিপোর্টের মধ্যে বড় ধরনের পার্থক্য থাকায় পরদিন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে আবার পরীক্ষা করান ওই রোগী। সেখানে SGPT-এর ফলাফল আসে ১২১ U/L।এ ঘটনায় মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলে এবং ভুল রিপোর্টের কারণে শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ভুল চিকিৎসার ঝুঁকি তৈরি হয়েছে অভিযোগ করে ১১ আগস্ট সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ করেন সাইদুজ্জামান রেজা।অভিযোগ পাওয়ার পর বিষয়টি যাচাই করতে বুধবার স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি দল প্রতিষ্ঠানটিতে সরেজমিন পরিদর্শন করে। পরিদর্শনে প্রয়োজনীয় বৈধ ও হালনাগাদ লাইসেন্স না পাওয়ায় প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।এ বিষয়ে পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান, রোগীর অভিযোগের পর তদন্তে প্রতিষ্ঠানটির হালনাগাদ ও বৈধ লাইসেন্স পাওয়া যায়নি। জনস্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠানটি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র ও বৈধ লাইসেন্স সম্পন্ন না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি চালু করা যাবে না।সিভিল সার্জন কার্যালয়ের স্মারক নং-সিএ-স/পঞ্চ/প্রশা/২০২৬/৯৪৫-এর মাধ্যমে প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।