উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ মমিন আলী , নওগাঁ প্রতিনিধি : ||
নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ কার্তিক চন্দ্র মালী (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার ছালিগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল পত্নীতলা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।অভিযান চলাকালে ডিবি পুলিশের কাছে গোপন সংবাদ আসে, পত্নীতলা থানাধীন ছালিগ্রামে জনৈক গৌতমের ইটভাটার পাশে রাস্তার ওপর এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের অভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে।পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা এক ব্যক্তির চলাফেরা সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে আটক ব্যক্তি নিজের নাম কার্তিক চন্দ্র মালী (৩৬) বলে জানান। তিনি ছালিগ্রাম গ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম কমল চন্দ্র মালী বলে পুলিশকে জানান।পরে উপস্থিত লোকজনের সামনে আটক কার্তিক চন্দ্র মালীকে তল্লাশি করা হয়। এ সময় তার সঙ্গে থাকা সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর নীল পলিথিনে মোড়ানো অবস্থায় এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে কার্তিক চন্দ্র মালীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পত্নীতলা থানায় মামলা দায়ের করা হয়েছে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।