উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ মমিন আলী , নওগাঁ প্রতিনিধি : ||
নওগাঁর পোরশায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. নুরুল ইসলাম (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৮টা ১৫ মিনিটের দিকে উপজেলার ৫ নম্বর ঘাটনগর ইউনিয়নের নোচনাহার বাজারসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর দিকনির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানা পুলিশের একটি দল নোচনাহার বাজারের পাশে জনৈক মো. ইউসুফ আলী শেখের বসতবাড়ির সামনে ইটের হেয়ারিং রাস্তার ওপর অভিযান পরিচালনা করে।অভিযান চলাকালে মাদক বিক্রির সময় নুরুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেপ্তার নুরুল ইসলাম নওগাঁর পোরশা উপজেলার নোচনাহার গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত মুনতাজ আলী এবং মাতার নাম মৃত তোহমিনা বেগম। তার স্থায়ী ঠিকানা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কামালপুর গ্রামে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ জানায়, নুরুল ইসলামের পরনে থাকা কালো গেঞ্জির নিচে বুক বরাবর বিশেষ কায়দায় গার্ডার দিয়ে ঝুলিয়ে রাখা অবস্থায় সর্বমোট ২০০ (দুইশত) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর মোট ওজন ৫৪ গ্রাম। এসব ট্যাবলেটের আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।পরে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেটগুলো জব্দ করা হয়।পুলিশের দাবি, গ্রেপ্তার নুরুল ইসলাম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি মাদক বিক্রির উদ্দেশ্যে ট্যাপেন্টাডল ট্যাবলেট বহন করছিলেন। তবে পুলিশের এ দাবি আদালতে প্রমাণ সাপেক্ষ।এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে পোরশা উপজেলাসহ নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও মাদক পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।নওগাঁ জেলা পুলিশ বলছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।