উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: ||
টাঙ্গাইলের কালিহাতীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) কালিহাতী থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর ও কাজিবাড়ী এলাকার তিন ব্যক্তিকে আটক করা হয়।ভ্রাম্যমাণ আদালত মামলা নং-৪০/২০২৬, ৪১/২০২৬ ও ৪২/২০২৬-এর নথি অনুযায়ী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের দোষী সাব্যস্ত করা হয়।দণ্ডপ্রাপ্তরা হলেন, রামপুর গ্রামের মৃত মগবর আলীর ছেলে মো. শহিদ (৬৫), একই গ্রামের মৃত শুকুর মাহমুদের ছেলে মজনু (৫০) এবং বল্লা ইউনিয়নের কাজিবাড়ী এলাকার আজগর আলীর ছেলে এমদাদ (৫০)।ভ্রাম্যমাণ আদালতের রায়ে মো. শহিদ ও মজনুকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এমদাদকে ১ মাসের শ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে আদালতের সাজা পরোয়ানা অনুযায়ী তাদের টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হয়।কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিক বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।পুলিশ জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।