উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডিজিটাল : ||
কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরের দিকে ১ মিনিট ২ সেকেন্ডের ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের সামনে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভটিতে এ ঘটনা ঘটেছে বলে ভিডিওতে দাবি করা হয়েছে। স্মৃতিস্তম্ভ এলাকায় প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত পুলিশি নিরাপত্তা থাকে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাতের কোনো এক সময় এক ব্যক্তি একটি বোতল থেকে স্মৃতিস্তম্ভে তরল জাতীয় কিছু ছিটিয়ে দেন। কিছুক্ষণ পর আগুন জ্বালিয়ে সেটি স্মৃতিস্তম্ভের দিকে ছুড়ে মারতে দেখা যায়। এরপর ওই ব্যক্তিকে দ্রুত সেখান থেকে চলে যেতে দেখা যায়।ভিডিওতে এক ব্যক্তির কণ্ঠে বিভিন্ন রাজনৈতিক স্লোগান ও বক্তব্য শোনা যায়। ভিডিওটির সত্যতা, ধারণের সময় এবং এতে থাকা ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার, কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বরসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন বলেন, জুলাই স্মৃতিস্তম্ভে কালো দাগ দেখা গেছে। তবে ঘটনাস্থলে অন্য কোনো আলামত পাওয়া যায়নি। স্মৃতিস্তম্ভের নিরাপত্তায় একজন এএসআইয়ের নেতৃত্বে দুজন কনস্টেবল দায়িত্ব পালন করেন। আগের রাতেও তারা দায়িত্বে ছিলেন। নিরাপত্তায় কোনো গাফিলতি ছিল কি না, তা তদন্ত করা হচ্ছে।এদিকে ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন। তিনি বলেন, জেলা প্রশাসকের নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেখানে পুলিশি নিরাপত্তা থাকা অবস্থায় কীভাবে ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও ভিডিওটির পূর্ণাঙ্গ সত্যতা ও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।