উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ মমিন আলী , নওগাঁ প্রতিনিধি : ||
নওগাঁর মান্দা উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধিগ্রহণ করা সরকারি জমিতে নিষেধাজ্ঞা অমান্য করে একের পর এক স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার জোতবাজার সেতুর মুখে আত্রাই নদীর ডান তীরে পাউবোর অধিগ্রহণ করা জমিতে আব্দুর রহিম নামের এক ব্যক্তি নতুন করে পাকা স্থাপনা নির্মাণ করছেন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।স্থানীয়দের অভিযোগ, পাউবোর প্রায় ১৩ শতক জমি দখলে নিয়ে ইতোমধ্যে সেখানে দুটি মার্কেট ও একটি গুদামঘর নির্মাণ করা হয়েছে। নির্মিত এসব স্থাপনা বিভিন্ন ব্যবসায়ীর কাছে ভাড়া দেওয়া হয়েছে। এ ছাড়া একটি টিনশেড ঘরও হোটেল হিসেবে ভাড়া দেওয়া হয়েছে বলে জানা গেছে। সরকারি জমিতে এসব স্থাপনা নির্মাণের পর পাউবোর পক্ষ থেকে একাধিকবার নোটিশ দেওয়া হলেও স্থাপনাগুলো অপসারণ করা হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।নিষেধাজ্ঞার পরও চলছে নির্মাণকাজস্থানীয় বাসিন্দা মোতাহার হোসেন অভিযোগ করে বলেন, পাউবোর অধিগ্রহণ করা জমিতে আগে থেকেই বেশ কয়েকটি স্থাপনা নির্মাণ করা হয়েছে। এসব স্থাপনা সরিয়ে নিতে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে একাধিকবার নোটিশ দেওয়া হলেও তা কার্যকর হয়নি। এর মধ্যেই নতুন করে আরও একটি পাকা স্থাপনা নির্মাণের কাজ শুরু করেছেন আব্দুর রহিম।স্থানীয়দের ভাষ্য, সরকারি সংস্থার জমিতে স্থাপনা নির্মাণের বিষয়টি নিয়ে আপত্তি ওঠার পর পাউবোর পক্ষ থেকে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু কিছুদিন পর আবারও গোপনে নির্মাণকাজ শুরু করা হয়েছে।টিনের বেড়া দিয়ে ঘিরে চলছে কাজসম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, আত্রাই নদীর ডান তীরে নির্মাণাধীন স্থাপনাটি চারদিকে টিনের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। টিনের বেড়ার ভেতরে নির্মাণকাজ চলমান রয়েছে। ইতোমধ্যে স্থাপনার মেঝের ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। উত্তর পাশের দেয়ালে ইটের গাঁথুনির কাজও চলতে দেখা যায়।স্থানীয়দের তথ্যমতে, নির্মাণকাজ শুরুর দিকে পাউবোর পক্ষ থেকে এসে কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর বেশ কিছুদিন নির্মাণকাজ বন্ধ ছিল। তবে প্রায় এক সপ্তাহ আগে ওই জায়গাটি টিনের বেড়া দিয়ে ঘিরে আবারও ভেতরে নির্মাণকাজ শুরু করা হয়।সরকারি সম্পত্তি বেদখলের আশঙ্কানাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা বলেন, পাউবোর অধিগ্রহণ করা সরকারি জমিতে এভাবে একের পর এক স্থাপনা নির্মাণ করা হলে সরকারি সম্পত্তি বেদখল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। নদীর তীরবর্তী এলাকায় অপরিকল্পিত স্থাপনা নির্মাণের ফলে ভবিষ্যতে নদী রক্ষা, পানি প্রবাহ ও সংশ্লিষ্ট সরকারি কার্যক্রমও বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা তাঁদের।তাঁরা বলেন, সরকারি জমিতে স্থাপনা নির্মাণের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে ইতোমধ্যে নির্মিত স্থাপনাগুলো আইন অনুযায়ী উচ্ছেদ করে সরকারি জমি উদ্ধারের দাবি জানান তাঁরা।অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নিঅভিযোগের বিষয়ে জানতে আব্দুর রহিমের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। পরে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পাউবোরএ বিষয়ে নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ বলেন, “বিষয়টি আমরা জানতে পেরেছি। নির্মাণাধীন স্থাপনা সরিয়ে নিতে দু-এক দিনের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিকে পত্র দেওয়া হবে। এরপরও স্থাপনা সরানো না হলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”স্থানীয়দের দাবি, শুধু নোটিশ প্রদান নয়, সরকারি জমি রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পাউবোর অধিগ্রহণ করা জমি দখলমুক্ত করা হোক।