উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ মমিন আলী , নওগাঁ প্রতিনিধি : ||
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নওগাঁর নুনিয়াপট্টি (সুইপার কলোনি) এলাকায় অনলাইন জুয়া ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। অভিযানে দুইজন অনলাইন জুয়ায় জড়িত ব্যক্তি এবং মাদক সংশ্লিষ্টতার অভিযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৯ আগস্ট) রাতে নওগাঁ সদর থানাধীন সুইপার কলোনি এলাকায় জেলা গোয়েন্দা শাখার একটি দল অনলাইন জুয়া ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ৯টার দিকে অভিযানের সময় সুইপার কলোনির মূল গেট সংলগ্ন ফাঁকা জায়গায় পৌঁছালে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বাপ্পি হোসেন (৩০), পিতা নুরুল ইসলাম, সাং হাট নওগাঁ পাটালীর মোড় এবং রাসেল সাম্ভির তপু (৩০), পিতা রাজ্জাক, সাং দক্ষিণ হাট নওগাঁ। উভয়ের বাড়ি নওগাঁ সদর এলাকায়।পুলিশ জানায়, বাপ্পি হোসেনের কাছ থেকে ৭৫ হাজার টাকা ও একটি স্মার্টফোন জব্দ করা হয়। তার মোবাইল ফোনে অনলাইন জুয়ার সাইটের তথ্য পাওয়া যায়। প্রাথমিক যাচাইয়ে গত এক সপ্তাহে ওই অ্যাকাউন্টের মাধ্যমে ৪৪ হাজার ৮০০ টাকার জুয়ার লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।অপরদিকে, রাসেল সাম্ভির তপুর মোবাইল ফোনেও অনলাইন জুয়ার সাইটের তথ্য পাওয়া যায়। প্রাথমিক যাচাইয়ে তার মোবাইলের মাধ্যমে ১৭ হাজার ৪০০ টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে পুলিশ জানায়।এদিকে, একই অভিযানে সুইপার কলোনির ভেতরে সনু বাশফোরের ঘরে অভিযান চালিয়ে সনু বাশফোর, সম্রাট (২৯) ও মানিক (২৬) নামের আরও তিনজনকে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে আটক করা হয়। পুলিশ তাদের কাছ থেকে মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধারের কথা জানিয়েছে। পুলিশের দাবি, আটকের সময় তারা মাদকাসক্ত অবস্থায় ছিলেন।এ ঘটনায় নওগাঁ সদর থানায় সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নুনিয়াপট্টিতে মাদক প্রতিরোধে পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে। সেখানে কোনোভাবেই মাদকের আস্তানা গড়ে উঠতে দেওয়া হবে না। মাদক প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদেরও পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হচ্ছে।