উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাহিদুল ইসলাম ফরহাদ :, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ||
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর হালিমা খাতুন তরিকা (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরীক্ষায় ইংরেজি বিষয়ে অকৃতকার্য হওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে।সোমবার (১০ আগস্ট) দুপুরে ফল প্রকাশের পর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পুরাতন উনিশবিঘী গ্রামে এ ঘটনা ঘটে। হালিমা ওই গ্রামের তরিকুল ইসলামের মেয়ে এবং চাকপাড়া আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।স্বজনদের বরাতে জানা যায়, এসএসসির ফল প্রকাশের পর হালিমা জানতে পারে, সে ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়েছে। অন্যান্য বিষয়ে উত্তীর্ণ হলেও একটি বিষয়ে ফল আশানুরূপ না হওয়ায় সে হতাশ হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান।২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শাহরিনা ইসলাম জানান, দুপুর ২টা ৪০ মিনিটের দিকে ওই শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল বলে জানান তিনি।শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, এসএসসি পরীক্ষার ফলাফলে একটি বিষয়ে অকৃতকার্য হওয়ার পর ওই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।হালিমার মৃত্যুর খবরে পরিবার, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।শিক্ষাবিদ ও অভিভাবকদের মতে, পরীক্ষার ফলাফল জীবনের চূড়ান্ত মূল্যায়ন নয়। কোনো ফলাফল আশানুরূপ না হলে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের মানসিকভাবে সাহস দেওয়া এবং প্রয়োজন হলে শিক্ষক, অভিভাবক বা বিশ্বস্ত ব্যক্তির সহায়তা নেওয়া জরুরি।