উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডিজিটাল : ||
ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে দল-মত নির্বিশেষে দেশের মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।শনিবার (৮ আগস্ট) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে আয়োজিত ‘বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা’-এর নবনির্বাচিত কার্যকরী পরিষদের দায়িত্ব গ্রহণ, অভিষেক ও বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।মন্ত্রী বলেন, বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতিকে একটি অরাজনৈতিক ও জনকল্যাণমুখী প্ল্যাটফর্ম হিসেবে আরও শক্তিশালী করতে হবে। এজন্য দলীয় পরিচয়ের বাইরে গিয়ে সব শ্রেণি-পেশা ও ধর্ম-বর্ণের মানুষকে সম্পৃক্ত করে এলাকার উন্নয়নে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।বরুড়ার অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে জাকারিয়া তাহের বলেন, উপজেলার ছোট-বড় প্রায় ৩০০টি রাস্তা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় নেওয়ার উদ্যোগ রয়েছে। পরিকল্পনা অনুযায়ী আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বরুড়ার কোনো কাঁচা রাস্তা থাকবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।তিনি আরও জানান, উপজেলার পূর্ব-পশ্চিম এবং উত্তর-দক্ষিণ যোগাযোগব্যবস্থা আরও উন্নত করতে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় যোগাযোগব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন নিয়েও সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন গণপূর্তমন্ত্রী। তিনি জানান, বরুড়ায় একটি টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ প্রতিষ্ঠানটির টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।পাশাপাশি এলাকার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ১০১ শয্যাবিশিষ্ট হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগসহ বিভিন্ন কার্যক্রম নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।জনগণের ভোট ও দোয়ার মাধ্যমে দায়িত্ব পাওয়ার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ও বাস্তবায়ন নিয়ে জনগণের কাছে নিয়মিত জবাবদিহি করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। বরুড়ার সার্বিক উন্নয়নে স্থানীয় জনগণসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সভাপতি মো. শাহ আলম। সঞ্চালনায় ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন।সভায় অধ্যাপক ডা. মো. রুহুল আমিন, আব্দুল হক, মনীন্দ্র কিশোর মজুমদার ও নুরুল ইসলাম মিলনসহ অন্যরা বক্তব্য দেন। তারা সমিতির বিভিন্ন কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।এ সময় ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, মো. আব্দুস সামাদসহ সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত হয়। পরে বার্ষিক সাধারণ সভায় সমিতির চলমান কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং বরুড়া উপজেলার মানুষের কল্যাণে নেওয়া বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।