উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাহিদুল ইসলাম ফরহাদ :, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ||
প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এর জাতীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় দেশসেরা দল হিসেবে রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের সদস্য ও নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা।দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেওয়া প্রতিযোগীদের সঙ্গে যুক্তিতর্কের লড়াইয়ে নিজেদের দক্ষতা ও মেধার স্বাক্ষর রাখে চাঁপাইনবাবগঞ্জের এই ক্ষুদে শিক্ষার্থীরা। তাদের এই অর্জনে জেলা পর্যায়ে বইছে আনন্দের আবহ। কৃতী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা দিতে চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠানের।অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জাতীয় পর্যায়ে রানারআপ হওয়ার জন্য ক্ষুদে বিতার্কিকদের অভিনন্দন জানান। একই সঙ্গে তাদের সাফল্যকে চাঁপাইনবাবগঞ্জের শিক্ষাঙ্গন ও বিতর্কচর্চার জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেন।সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকি, অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী আসাদ, হাদি ও চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের সদস্যবৃন্দ।বক্তারা জাতীয় পর্যায়ে চাঁপাইনবাবগঞ্জের ক্ষুদে বিতার্কিকদের এমন সাফল্যের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় অর্জনের জন্য তাদের উৎসাহিত করেন। তারা বলেন, বিতর্কচর্চা শিক্ষার্থীদের যুক্তিবোধ, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তারা আরও বলেন, জাতীয় পর্যায়ে চাঁপাইনবাবগঞ্জের ক্ষুদে বিতার্কিকদের এই সাফল্য জেলার অন্যান্য শিক্ষার্থীদেরও বিতর্ক ও সহশিক্ষা কার্যক্রমে আগ্রহী করে তুলবে। ভবিষ্যতে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় সাফল্য অর্জন করবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন অতিথিরা।চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে কৃতী বিতার্কিকদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়েছে।