উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবু নাঈম রিপন :, নরসিংদী প্রতিনিধি : ||
নরসিংদীর শিবপুরে ২০২৫ সালের প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনজুর এলাহী।প্রধান অতিথির বক্তব্যে মনজুর এলাহী বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। বর্তমানের কৃতি শিক্ষার্থীরাই একদিন দেশের নেতৃত্ব দেবে এবং জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”তিনি আরও বলেন, শুধু পাঠ্যপুস্তকের শিক্ষাই নয়, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে অভিভাবক ও শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুর রহিম, শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. কবিরুল ইসলামসহ অন্যান্য অতিথিরা।অনুষ্ঠানে জানানো হয়, ২০২৫ সালে শিবপুর উপজেলায় মোট ১৭৪ জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ট্যালেন্টপুলে সরকারি বিদ্যালয়ের ৫৮ জন ও বেসরকারি বিদ্যালয়ের ১১ জন, আর সাধারণ গ্রেডে সরকারি বিদ্যালয়ের ৮৮ জন এবং বেসরকারি বিদ্যালয়ের ১৭ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।সংবর্ধনা অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয় এবং তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করা হয়।