উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ মমিন আলী , নওগাঁ প্রতিনিধি : ||
নওগাঁর মান্দা উপজেলায় মোটরসাইকেল ও অটোচার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত এবং অপর এক যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (০৬ আগস্ট) সকাল আনুমানিক ১০টার দিকে মান্দা ফেরিঘাট ব্রিজের পূর্ব পাশে একটি পেট্রোল পাম্পের অদূরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত যুবক হলেন উপজেলার গণেশপুর ইউনিয়নের ভেবড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে আতিকুল ইসলাম আকাশ (২০)। গুরুতর আহত হয়েছেন একই ইউনিয়নের দক্ষিণ শ্রীরামপুর গ্রামের হাফিজুল ইসলামের ছেলে সাগর ইসলাম (২৫)।নিহতের স্বজনরা জানান, আকাশ ও সাগর সতীহাট এলাকার একটি মোবাইল ফোনের দোকানে সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সকালে দোকানের মালামাল সাবাইহাটে পৌঁছে দিয়ে মোটরসাইকেলে করে ফেরার পথে মান্দা ফেরিঘাট ব্রিজের পূর্ব পাশে একটি অটোচার্জার ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আতিকুল ইসলাম আকাশকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাগর ইসলামকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা সড়কটিতে নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।