উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সঞ্জু বনিক সৌরভ :, পঞ্চগড় প্রতিনিধি ||
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর। অভিযানে বিভিন্ন স্থান থেকে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।বৃহস্পতিবার (৬ আগস্ট) দিনব্যাপী উপজেলার ভজনপুর বাজারসহ আশপাশের এলাকায় এ অভিযান পরিচালিত হয়। উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা মৎস্য দপ্তর, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতা ছিল।অভিযান চলাকালে বাজার ও বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জালগুলো জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো ভজনপুর ডিগ্রি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।এ সময় স্থানীয় ব্যবসায়ী, জেলে, পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। কর্মকর্তারা বলেন, কারেন্ট জালের সূক্ষ্ম ফাঁসের কারণে মাছের পাশাপাশি মাছের পোনা, ডিম ও অন্যান্য জলজ প্রাণীও আটকা পড়ে। এতে মাছের প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি জলজ জীববৈচিত্র্য ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন অনুযায়ী নিষিদ্ধ কারেন্ট জালের উৎপাদন, আমদানি, বিক্রি, মজুত, পরিবহন ও ব্যবহার আইনত দণ্ডনীয়। অবৈধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন ও মৎস্য বিভাগ।কর্মকর্তারা জেলে ও মৎস্যজীবীদের আইন মেনে বৈধ জাল ব্যবহারের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে অবৈধ কারেন্ট জালের ব্যবহার, বিক্রি বা মজুতের তথ্য পেলে সংশ্লিষ্ট প্রশাসন ও মৎস্য দপ্তরকে জানানোর অনুরোধ করা হয়েছে।