উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ মমিন আলী , নওগাঁ প্রতিনিধি : ||
নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বুধবার (৫ আগস্ট) নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর সভাপতিত্বে নওগাঁ জেলা বাস ও ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় জেলার সড়কে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ যান চলাচল নিশ্চিতকরণ, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা, যাত্রীসেবার মানোন্নয়ন এবং পরিবহন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়।সভায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে পরিবহন শ্রমিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকল চালক ও শ্রমিককে ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলা, অতিরিক্ত গতিতে যানবাহন চালানো থেকে বিরত থাকা, মাদকমুক্ত থেকে দায়িত্ব পালন করা এবং যাত্রীদের প্রতি মানবিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ প্রদর্শনের আহ্বান জানান।এ সময় বাস ও ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ জেলা পুলিশের বিভিন্ন জনবান্ধব উদ্যোগের প্রতি সমর্থন জানান। পাশাপাশি সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ পুলিশের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নওগাঁ জেলা বাস ও ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।