উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ মমিন আলী , নওগাঁ প্রতিনিধি : ||
নওগাঁ শহরের দুটি গ্রুপ কোম্পানিতে সুগন্ধি চাল দীর্ঘদিন মজুদ রাখার অভিযোগে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।সোমবার (৩ আগস্ট) দুপুরে নওগাঁ শহরের মশরপুর এলাকার টিকে গ্রুপ এবং সান্তাহার মোড় এলাকার বেলকোন গ্রুপে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল হোসেন।অভিযানে টিকে গ্রুপকে ১৫ হাজার টাকা এবং বেলকোন গ্রুপকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় নওগাঁ কৃষি বিপণন কর্মকর্তা আরিফ হোসেন উপস্থিত ছিলেন।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি এবং চালের মূল্য অস্থিতিশীল করার আশঙ্কায় দীর্ঘদিন ধরে সুগন্ধি চাল মজুদ রাখার অভিযোগের ভিত্তিতে ওই দুটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠান দুটিকে আর্থিক জরিমানা করা হয়।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও মজুদদারির মতো অনিয়ম প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।এদিকে, দুই গ্রুপ কোম্পানির বিরুদ্ধে পরিচালিত এ মজুদবিরোধী অভিযানে তুলনামূলক কম অঙ্কের জরিমানা করায় সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকের মতে, বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হলে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে।