উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডিজিটাল : ||
নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক গোষ্ঠীর বিভিন্ন কার্যক্রম আগস্ট মাসে লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ কারণে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।রোববার (২ আগস্ট) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে পরিত্যক্ত ব্যাগ ঘিরে সৃষ্ট আতঙ্ক প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরীক্ষা করে এসব ব্যাগে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। জননিরাপত্তার স্বার্থে সন্দেহজনক কোনো বস্তু পাওয়া গেলে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতার সঙ্গে তা পরীক্ষা করছে।তিনি জানান, আশুলিয়ায় প্রেসার কুকারের ভেতর থেকে উদ্ধার হওয়া বস্তু এবং মতিঝিলে পাওয়া সন্দেহজনক বস্তু নিয়ে পৃথকভাবে তদন্ত চলছে। এসব ঘটনার সঙ্গে কারা জড়িত বা কোনো ধরনের ইন্ধন রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সাম্প্রতিক কয়েক মাসের অপরাধ পরিসংখ্যান বিবেচনায় বর্তমানে পরিস্থিতি উদ্বেগজনক নয়। যেকোনো ধরনের নাশকতা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে।