উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ মমিন আলী , নওগাঁ প্রতিনিধি : ||
নওগাঁ সদর উপজেলার হাসাইগাড়ী বিলে নৌকা ভাড়া নিয়ে পর্যটকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। কয়েকজন দর্শনার্থীর অভিযোগ, সেখানে একজন ব্যক্তি নৌকা ভাড়ার হার নির্ধারণ করে দেন এবং তার নির্ধারিত ভাড়ার বাইরে কোনো মাঝি নৌকা চালাতে পারেন না।অভিযোগকারীদের দাবি, ঘণ্টাপ্রতি নৌকা ভাড়া ১ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া বিলের ভাইরাল হিজল গাছ পর্যন্ত ঘুরে আসতে প্রায় ৩০ মিনিট সময় লাগলেও সে জন্য ৬০০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। ভাড়া নিয়ে কোনো ধরনের দরকষাকষির সুযোগও নেই বলে অভিযোগ করেন তারা।পর্যটকদের ভাষ্য, শনিবার ঘটনাস্থলে ওই ব্যক্তি প্রকাশ্যে উচ্চস্বরে ঘোষণা দেন যে, তার নির্ধারিত ভাড়ার চেয়ে কমে কোনো মাঝি নৌকা চালাতে পারবেন না।তবে অভিযোগে অভিযুক্ত ব্যক্তির পরিচয় নিশ্চিতভাবে জানা যায়নি। এ বিষয়ে তার বক্তব্যও পাওয়া সম্ভব হয়নি।পর্যটকদের দাবি, হাসাইগাড়ী বিলে নৌকা ভাড়ার একটি স্বচ্ছ ও যৌক্তিক হার নির্ধারণ করে তা প্রকাশ্যে টাঙিয়ে দেওয়া হোক। পাশাপাশি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।উল্লেখ্য, সম্প্রতি হাসাইগাড়ী বিলের ভাইরাল হিজল গাছকে কেন্দ্র করে প্রতিদিন বিপুলসংখ্যক দর্শনার্থী সেখানে ভিড় করছেন। এ অবস্থায় নৌকা ভাড়া নিয়ে ওঠা অভিযোগগুলো পর্যটকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।