উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডিজিটাল : ||
চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ ডিএপি সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারচক্রের সঙ্গে জড়িত সন্দেহে ২৩ জনকে আটক করা হয়েছে এবং একটি কার্গো বোট জব্দ করা হয়েছে।শনিবার (১ আগস্ট) কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বহিঃনোঙর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহভাজন দুটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ২৩ জনকে আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড পতেঙ্গার ১৫ নম্বর ঘাট এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে। সেখানে কর্ণফুলী চ্যানেলে অবস্থান করা একটি কার্গো বোটে তল্লাশি চালানো হয়।আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে বোটে থাকা কয়েকজন পালিয়ে গেলেও তল্লাশিতে প্রায় ৪৫০ বস্তা বা ২২ হাজার ৫০০ কেজি ডিএপি সার উদ্ধার করা হয়। উদ্ধার করা সারের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ ৭৫ হাজার টাকা। পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত কার্গো বোটটিও জব্দ করা হয়েছে।কোস্ট গার্ড জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের এবং জব্দ করা আলামত পতেঙ্গা মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।সংস্থাটি আরও জানিয়েছে, দেশের সমুদ্র উপকূল ও নৌপথ ব্যবহার করে চোরাচালান ও অবৈধ পাচার ঠেকাতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।