উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডিজিটাল : ||
একসময় চট্টগ্রামের ক্রিকেটাঙ্গনে সম্ভাবনাময় বাঁহাতি ‘চায়নাম্যান’ স্পিনার হিসেবে পরিচিত ছিলেন মোবারক হোসেন ইমন। জাতীয় দলে খেলার স্বপ্ন নিয়ে নিয়মিত অনুশীলন করলেও সময়ের ব্যবধানে তিনি জড়িয়ে পড়েন অপরাধ জগতে। পরে ‘ডেভিড ইমন’ নামে চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী হিসেবে পরিচিতি পান।পুলিশ জানিয়েছে, বুধবার (২৯ জুলাই) ভোরে যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকায় যৌথ অভিযানে তিন সহযোগীসহ ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে অংশ নেয় চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), কোতোয়ালি মডেল থানা পুলিশ এবং যশোর জেলা পুলিশ। দীর্ঘদিন নজরদারির পর তার অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়।স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি প্রবল আগ্রহ ছিল ইমনের। ২০১৯ সালে তিনি ব্রাদার্স ক্রিকেট একাডেমিতে যোগ দেন এবং বাকলিয়া স্টেডিয়ামসহ বিভিন্ন মাঠে নিয়মিত অনুশীলন করতেন। বাঁহাতি ‘চায়নাম্যান’ স্পিনার হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেন এবং ভারতীয় স্পিনার কুলদীপ যাদবকে অনুসরণ করতেন।তার সাবেক কোচ জানান, ইমন ছিলেন শান্ত স্বভাবের এবং অনুশীলনে নিয়মিত। তবে করোনাকালের পর থেকে তিনি আর ক্রিকেটে ফেরেননি। পরে গণমাধ্যমে ‘ডেভিড ইমন’ নামে তার পরিচয় প্রকাশ হলে বিষয়টি জানা যায়।আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের পর তিনি চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ গ্রুপের সঙ্গে যুক্ত হন। অল্প সময়েই খুন, চাঁদাবাজি, অস্ত্র প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সক্রিয় হয়ে ওঠেন। তার বিরুদ্ধে একাধিক হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে এবং বিভিন্ন মামলায় তার নাম রয়েছে বলে জানিয়েছে পুলিশ।