উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কিশোরগঞ্জ প্রতিনিধি : ||
কিশোরগঞ্জের ইটনা উপজেলার হাওর এলাকায় সিমেন্টবোঝাই একটি বাল্কহেডে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা হামলা চালিয়ে ইঞ্জিন খুলে নেওয়ার পাশাপাশি সিমেন্ট, ডিজেল, সোলার প্যানেল, ব্যাটারি, মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে।সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এলংজুরী ইউনিয়নের ইসলামপুর-গাজীপুর এলাকার সামনের হাওরে এ ঘটনা ঘটে। ঘটনার পর বুধবার ইটনা থানা পুলিশের একটি দল ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।জে আই ইমপ্যাক্ট লিমিটেডের সিনিয়র সেলস এক্সিকিউটিভ বিএম কামরুজ্জামান জানান, ছাতকের একটি সিমেন্ট কারখানা থেকে ২ হাজার বস্তা সিমেন্ট নিয়ে বাল্কহেডটি ইটনার উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথে জয়সিদ্দি বাজারে সিমেন্ট সরবরাহের জন্য দিক পরিবর্তন করলে হাওরের একটি চরে আটকে যায়। লোকবল সংকটের কারণে সেটি সরানো সম্ভব না হওয়ায় মাঝি ও শ্রমিকরা সেখানেই রাত কাটান।বাল্কহেডের মাঝি জানান, গভীর রাতে ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল হামলা চালিয়ে তাদের জিম্মি করে। পরে বাল্কহেডের একটি ইঞ্জিন, ৫০ লিটার ডিজেল, সোলার প্যানেল, ব্যাটারি, তিনটি মোবাইল ফোন, ৬০ বস্তা সিমেন্ট এবং নগদ ১০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।এ ঘটনায় ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ খান জানান, ভুক্তভোগীদের কাছ থেকে মৌখিক অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।