উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডিজিটাল : ||
বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির ডাকা দেশব্যাপী অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সরকারের পক্ষ থেকে আগামী এক মাসের মধ্যে মালিকদের যৌক্তিক দাবিগুলো সমাধানের আশ্বাস পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে ন্যাম ভবনের অভ্যর্থনা কক্ষে সরকারের সংশ্লিষ্ট দপ্তর, আইনশৃঙ্খলা বাহিনী এবং বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত বৈঠক শেষে যৌথ সংবাদ ব্রিফিংয়ে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শিমুল বিশ্বাস এমপি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া সমিতির প্রধান উপদেষ্টা মোহাম্মদ গোলাম মোস্তফা ফুয়াদ ও অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।বৈঠকে অ্যাম্বুলেন্সের বাণিজ্যিক রেজিস্ট্রেশন, বাণিজ্যিক নীতিমালার বাস্তবায়ন, সরকারি হাসপাতালে পার্কিং সুবিধা, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী লাশবাহী ফ্রিজার ভ্যান ও অ্যাম্বুলেন্সের টোলমুক্ত চলাচল এবং ২৪ ঘণ্টা জ্বালানি সরবরাহ নিশ্চিত করাসহ বিভিন্ন দাবি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।যৌথ সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে আগামী এক মাসের মধ্যে এসব দাবি নিয়ে একাধিক বৈঠক করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।সমিতির প্রধান উপদেষ্টা মোহাম্মদ গোলাম মোস্তফা ফুয়াদ জানান, দেশের মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে এবং সরকারের আশ্বাসের প্রতি আস্থা রেখে বুধবারের নির্ধারিত ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তিনি সারা দেশের প্রায় সাড়ে সাত হাজার অ্যাম্বুলেন্স মালিক ও শ্রমিককে দ্রুত স্বাভাবিকভাবে সেবা চালু রাখার আহ্বান জানান, যাতে কোনো রোগী বা মৃত ব্যক্তির স্বজনদের ভোগান্তিতে পড়তে না হয়।পাশাপাশি তিনি নির্ধারিত সময়ের মধ্যেই অ্যাম্বুলেন্স খাতের দীর্ঘদিনের দাবিগুলোর স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।