উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডেস্ক : ||
জুলাই সনদের আলোকে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন করার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।মঙ্গলবার (২৮ জুলাই) পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।গাজী আতাউর রহমান বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যাশায় জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল। সেই প্রত্যাশার কিছু বিষয় জুলাই সনদে অন্তর্ভুক্ত করা হয়েছে। রাষ্ট্রপতি নিয়োগের বিষয়ে সনদে যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে, সেগুলোর ভিত্তিতেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।তিনি আরও বলেন, সংবিধান সংশোধন না হওয়ার অজুহাতে আগের ব্যবস্থায় রাষ্ট্রপতি নির্বাচন করা হলে তা জুলাইয়ের আন্দোলনে আত্মত্যাগকারীদের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল হবে। প্রয়োজনে আগামী সংসদ অধিবেশনের শুরুতেই সংবিধান সংশোধন করে তার ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানান তিনি।পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি হাওলাদার সেলিম মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা নেছার উদ্দিন।সম্মেলনে দলটির জেলা কমিটির নতুন দায়িত্বপ্রাপ্তদের নামও ঘোষণা করা হয়। এতে কাজী গোলাম সরোয়ারকে সভাপতি, হাওলাদার মুহা. সেলিম মিয়া ও আব্দুল হাকিমকে সহ-সভাপতি, আর আই এম অহিদুজ্জামানকে সাধারণ সম্পাদক এবং জাহিদ হোসেন লিটনকে জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।