উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কক্সবাজার প্রতিনিধি : ||
কক্সবাজারের রামু উপজেলায় ছাত্রলীগের ব্যানারে মোটরসাইকেল শোভাযাত্রা ও ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আরও ৩০ থেকে ৪০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকেও আসামি করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।পুলিশ জানায়, গত ২৬ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের পূর্ব মুরাপাড়া এলাকায় একটি ঝটিকা মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। অভিযোগ অনুযায়ী, অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং ব্যানার, ফেস্টুন ও লাঠিসোঁটা বহন করেন।ঘটনার পর সোমবার রামু থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ নূরুল আবছার বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের তথ্য, গোপন সূত্রে পাওয়া তথ্য এবং ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ৩১ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের নাম উল্লেখ করা হয়েছে।পুলিশের ভাষ্য অনুযায়ী, খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা মোটরসাইকেলে দ্রুত স্থান ত্যাগ করেন। পরে ঘটনাস্থল থেকে শেখ হাসিনার ছবিসংবলিত একটি ব্যানার, কয়েকটি ফেস্টুন, ১৩টি কাঠের লাঠি এবং ১৯টি ইটের টুকরা জব্দ করা হয়। এ সময় স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকাও প্রস্তুত করা হয়।এদিকে, এ ঘটনার প্রতিবাদে উপজেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, মামলায় নাম উল্লেখ করা আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আসামিদের শনাক্ত করতেও তদন্ত অব্যাহত রয়েছে।