উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডিজিটাল : ||
চট্টগ্রামের হাটহাজারীতে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর নির্মাণাধীন ভবনে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা হওয়ার পর নতুন করে আরও বড় অঙ্কের চাঁদা দাবির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, এবার তার কাছে ৫০ লাখ টাকা চাওয়া হয়েছে এবং টাকা না দিলে আবারও হামলার হুমকি দেওয়া হয়েছে।ব্যবসায়ী জসিম উদ্দিন জানান, এর আগে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। সেই দাবি প্রত্যাখ্যান করার পর রোববার সকালে একদল সশস্ত্র ব্যক্তি তার নির্মাণাধীন ভবনে হামলা চালায়। হামলাকারীরা ভবনে ভাঙচুরের পাশাপাশি কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় কিরিচের আঘাতে এক নির্মাণশ্রমিক আহত হন এবং নিরাপত্তাকর্মীসহ আরও কয়েকজনকে মারধর করা হয়।ঘটনার পর অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হাটহাজারী থানায় মামলা দায়ের করা হয়। তবে মামলার পরই মোবাইল ফোনে আবার যোগাযোগ করে চাঁদার পরিমাণ বাড়িয়ে ৫০ লাখ টাকা দাবি করা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী। একই সঙ্গে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ এবং দাবি পূরণ না হলে আরও বড় ধরনের হামলার হুমকিও দেওয়া হয়েছে বলে জানান তিনি।এ বিষয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুজন সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। তদন্তের স্বার্থে আপাতত এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয় বলেও জানান তিনি।