উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডিজিটাল : ||
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন নিয়োগপ্রত্যাশী দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া আটকে থাকায় আন্দোলনের ঘোষণা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।নিয়োগপ্রত্যাশীদের দাবি, একাধিকবার আশ্বাস দেওয়া হলেও গত ৬ মাস ধরে তাদের নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়নি। আগামী ২৯ জুলাইয়ের মধ্যে যোগদানের নির্দিষ্ট সময়সূচি কিংবা লিখিত প্রজ্ঞাপন না পেলে আবারও রাজপথে আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন তারা।সোমবার (২৭ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আলটিমেটাম দেন তারা। এর আগে একটি প্রতিনিধি দল অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীর সঙ্গে সাক্ষাৎ করেন।প্রার্থীরা জানান, মহাপরিচালক জানিয়েছেন ২৯ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে বৈঠকে নিয়োগের বিষয়টি তুলে ধরা হবে।এদিকে প্রতিমন্ত্রী জানিয়েছেন, পুলিশ ভেরিফিকেশন ও ক্লিয়ারেন্স সম্পন্ন হওয়ার পর নির্বাচিত প্রার্থীদের দুই মাসের প্রশিক্ষণে পাঠানো হবে। প্রশিক্ষণ শেষে তারা বিদ্যালয়ে যোগদান করবেন।নিয়োগপ্রত্যাশীরা বলেন, তারা আন্দোলনে যেতে চান না, দ্রুত নিয়োগ পেয়ে শ্রেণিকক্ষে ফিরতে চান। তবে নির্দিষ্ট সিদ্ধান্ত না এলে বাধ্য হয়ে কর্মসূচিতে যেতে হবে।উল্লেখ্য, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি সহকারী শিক্ষক পদে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। পরে স্বাস্থ্য পরীক্ষা ও ডোপটেস্টসহ বিভিন্ন প্রক্রিয়া শেষ হলেও অতিরিক্ত যাচাই-বাছাইয়ের কারণে নিয়োগ কার্যক্রম বিলম্বিত হয়েছে বলে দাবি প্রার্থীদের।