উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডিজিটাল : ||
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের হেফাজতে ইসলামের মহাসমাবেশে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ (সোমবার) আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হতে পারে।চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এর আগে জানিয়েছিলেন, দীর্ঘ তদন্ত শেষে এ মামলার অভিযোগপত্র ট্রাইব্যুনালে উপস্থাপনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।মামলায় গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম ও আবদুল জলিল মণ্ডল, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি শাহরিয়ার কবির এবং সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু।প্রসিকিউশন সূত্র জানায়, গত ১৪ মে ট্রাইব্যুনাল ডা. দীপু মনি, ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এর আগে তাদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করা হয়েছিল।তদন্ত সংস্থার তথ্যমতে, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরকে কেন্দ্র করে ঢাকাসহ চারটি স্থানে মোট ৫৮ জন নিহত হন। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় একজন নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে।আজ অভিযোগ দাখিল হলে মামলাটির বিচারিক কার্যক্রমে নতুন অগ্রগতি আসতে পারে।