উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাউফল প্রতিনিধি : ||
পটুয়াখালীর বাউফল উপজেলায় ফ্যামিলি কার্ডের সুপারভাইজার পদে অস্থায়ী নিয়োগ পরীক্ষা চলাকালে ভিডিও ধারণকে কেন্দ্র করে ছাত্রদলের দুই নেতার মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ এবং পৌর ছাত্রদলের সাবেক সদস্যসচিব সাদিকুজ্জামান রাকিবের মধ্যে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্র জানায়, উপজেলা পরিষদের হলরুমে পরীক্ষা চলাকালে কয়েকজন পরীক্ষার্থী একে অপরের খাতা দেখে উত্তর লিখছেন—এমন অভিযোগ তুলে বাইরে থেকে ভিডিও ধারণ করেন আব্দুল্লাহ আল ফাহাদ। পরীক্ষা শেষে বিষয়টি নিয়ে দুই নেতার মধ্যে প্রথমে বাকবিতণ্ডা, পরে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে।ফাহাদের দাবি, পরীক্ষায় অনিয়মের ভিডিও ধারণ করায় তার ওপর হামলা চালানো হয়েছে। তবে সাদিকুজ্জামান রাকিব হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, ভিডিও ধারণের কারণে পরীক্ষার্থীদের অসুবিধা হওয়ায় বিষয়টি নিয়ে কথা বলতে গেলে তাদের মধ্যে তর্কাতর্কি হয়।এ বিষয়ে বাউফল থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের ঘটনা শোনা গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।