উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক : ||
মিথ্যা মামলায় গ্রেফতার হওয়া দৈনিক ঢাকা প্রতিদিন-এর বিশেষ প্রতিবেদক হাফিজুর রহমান শফিকের নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার এবং সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতি (তেকসাস)।শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের প্রধান ফটকের সামনে আয়োজিত এ কর্মসূচিতে তেকসাসের নেতাকর্মীদের পাশাপাশি জাতীয় প্রেসক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং সচেতন নাগরিকরা অংশ নেন।মানববন্ধনে বক্তারা বলেন, অনুসন্ধানী সাংবাদিকতা গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। জনস্বার্থে দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের তথ্য প্রকাশ করায় কোনো সাংবাদিককে মিথ্যা মামলায় গ্রেফতার করা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের ওপর সরাসরি আঘাত।বক্তাদের দাবি, ফায়ার সার্ভিসের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তথ্য প্রকাশের পরই পরিকল্পিতভাবে সাংবাদিক হাফিজুর রহমান শফিককে মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেফতার করা হয়েছে। তারা বলেন, সত্য ও জনস্বার্থের পক্ষে কাজ করা কোনো অপরাধ নয়; বরং অনুসন্ধানী সাংবাদিকদের নিরাপদ পরিবেশে দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।সমাবেশ থেকে অবিলম্বে হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, তাঁর নিঃশর্ত মুক্তি এবং ভবিষ্যতে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ও ভয়ভীতি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।মানববন্ধনে বক্তব্য দেন তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির সভাপতি আজিজুল ইসলাম যুবরাজ, দপ্তর সম্পাদক মো. তুহিন ইসলাম রাতুল, প্রচার সম্পাদক মো. আতিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য ফারজানা সুলতানা সামিয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।এ সময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কাউন্সিলর ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য মোহাম্মদ মাসুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্য রাজু আহমেদ, সাবেক নির্বাহী সদস্য এইচ এম আল-আমিন, সদস্য জিয়াউর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।