উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক : ||
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।শুক্রবার (২৪ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। সে অনুযায়ী নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।ইসি মাছউদ জানান, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।তিনি আরও বলেন, সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মতোই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। যদি একাধিক প্রার্থী থাকেন, তাহলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর একজন মাত্র প্রার্থী থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।তিনি জানান, শনিবার সাপ্তাহিক ছুটির কারণে নির্বাচন কমিশনের কার্যক্রম বন্ধ থাকবে। আগামী রোববার অথবা পরবর্তী কার্যদিবসে তফসিল ঘোষণার বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে।বর্তমান সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ৩৫০ জন সদস্য রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচকমণ্ডলীর সদস্য। তাদের তালিকা প্রস্তুতের পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল প্রকাশ করা হবে।এর আগে শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে এবং সংবিধানের বিধান অনুযায়ী তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।