উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
উজিরপুর প্রতিনিধি ||
বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস, ট্রাক ও রিকশার ত্রিমুখী সংঘর্ষে এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জয়শ্রী এলাকার একটি পাম্পসংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত মোশারফ হোসেন (৬০) উজিরপুর উপজেলার জয়শ্রী এলাকার বাসিন্দা এবং পেশায় রিকশাচালক ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে বরিশালগামী একটি যাত্রীবাহী বাসের ব্রেক বিকল হয়ে নিয়ন্ত্রণ হারালে সেটি প্রথমে একটি রিকশাকে ধাক্কা দেয়। পরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে আঘাত করলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং রিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিকশাচালক মোশারফ হোসেনকে মৃত ঘোষণা করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।খবর পেয়ে উজিরপুর মডেল থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। দুর্ঘটনার কারণে কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন জানান, দুর্ঘটনায় জড়িত যানবাহনগুলো জব্দ করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।