উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডেস্ক : ||
রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশন এলাকায় বোমাসদৃশ একটি বস্তু উদ্ধারের পর সেটি নিরাপদে নিষ্ক্রিয় করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। বোমাটি নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দ হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে মেট্রোরেল স্টেশনের নিচে একটি পরিত্যক্ত ছাতার ভেতরে লুকানো অবস্থায় বোমাসদৃশ বস্তুটি দেখতে পায় পুলিশ।মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম জানান, নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল ঘিরে ফেলা হয়। পরে সিটিটিসির বোমা নিষ্ক্রিয়করণ দল এসে বিশেষ প্রক্রিয়ায় সেটি নিষ্ক্রিয় করে। ওই সময় বিকট শব্দ হলেও সেটি ছিল বোমা নিষ্ক্রিয় করার অংশ, কোনো বিস্ফোরণ হামলা নয়।পুলিশের একটি সূত্র জানিয়েছে, উদ্ধার হওয়া বস্তুটি ছিল একটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (IED) এবং এর ভেতরে শক্তিশালী বিস্ফোরক ছিল। সময়মতো এটি উদ্ধার না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি আশপাশে আরও কোনো সন্দেহজনক বস্তু রয়েছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।