উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কিশোরগঞ্জ প্রতিনিধি : ||
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধারে গিয়ে নিজের ছেলের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েছেন এক পুলিশ সদস্য। হৃদয়বিদারক এ ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টা ২০ মিনিটের দিকে কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকার আব্দুল ওয়াহেদ জনতা স্কুল সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তুহিন (১০) স্থানীয় আব্দুল ওয়াহেদ জনতা স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা সামছুল কিশোরগঞ্জ সদর মডেল থানার গাড়িচালক কনস্টেবল।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় এক স্কুলশিক্ষার্থী নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যান কনস্টেবল সামছুলসহ পুলিশের একটি দল। সেখানে পৌঁছে তিনি দেখতে পান, সড়কে পড়ে থাকা মরদেহটি তার নিজের ছেলে তুহিনের। এ দৃশ্য দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। ঘটনাস্থলে উপস্থিত লোকজনও আবেগাপ্লুত হয়ে পড়েন।পরে তুহিনের মরদেহ কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে সহকর্মীদের সামনে শোকাহত বাবাকে ছেলের জন্য বিলাপ করতে দেখা যায়। এ সময় অন্য পুলিশ সদস্যরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঞা জানান, সকালে সাইকেল চালিয়ে স্কুলে যাওয়ার পথে একটি সিমেন্টবোঝাই ট্রাক তুহিনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।